মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতিদের দিনব্যাপী ‘শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৭টা থেকে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ উপজেলার ২৮০ জন প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ
শিক্ষা শিবিরে কুরআন-হাদিসের আলোকে ব্যক্তিগত চরিত্র গঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সংগঠন সম্প্রসারণ, দাওয়াতি কার্যক্রম বেগবান করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্বশীলদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামছুল আরেফিন। উদ্বোধনী বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও টিসি ব্যবস্থাপক ইসমাইল হোসেন মানিক শিবিরের নিয়ম-কানুন মেনে সাংগঠনিক জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের ওপর জোর দেন। এরপর ‘আখিরাতের ভয়াবহতা ও মুক্তির উপায়’ শীর্ষক দারসুল কুরআন পেশ করেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক।
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের বক্তব্য
‘মুমিনের জীবনে পরীক্ষা’ শীর্ষক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। তিনি বলেন, “সত্যের পথে চলতে গেলে যুগে যুগে মুমিনের জীবনে পরীক্ষা এসেছে এবং আসবে। সব কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সহনশীলতা ও আদর্শিক দৃঢ়তা ধরে রাখাই মুমিনের মূল শক্তি।”
সংগঠন সম্প্রসারণ ও দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দীন এবং জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহাম্মদ। এ ছাড়া যুব বিভাগের সভাপতি রাশেদ বিল্লাহ আলম জ্ঞানার্জন ও সৎকর্মের মাধ্যমে তরুণ সমাজ পুনর্গঠনের আহ্বান জানান।
উপস্থিতি ও সার্বিক সহযোগিতা
শিক্ষা শিবিরের সার্বিক পরিচালনায় ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা মোশারফ হোসাইন এবং কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন পৌরসভা কর্মপরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।