মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষির আধুনিকায়ন, উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৭০ শতাংশ ভর্তুকিতে ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্রাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল্লাহ দিদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ভর্তুকিমূল্যে ও বিনামূল্যে এসব আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের ফলে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। এতে কৃষকদের শ্রম ও উৎপাদন ব্যয় কমে আসবে এবং তারা স্বল্প সময়ে অধিক জমি চাষাবাদ ও ফসল উৎপাদনে সক্ষম হবেন।
কৃষির যান্ত্রিকীকরণ জোরদার করার মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তারা ব্যক্ত করেন।