কেন্দুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত ফায়ার ফাইটার শামীম
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ:২৪ শে সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকা-ে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেল-কে তাঁর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান করা হয় তাঁকে। পরে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদান এবং জানাজা ও দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ফায়ার সার্ভিসের সহকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনগণ।
অভিযানে জীবন উৎসর্গকারী এই সাহসী ফায়ার ফাইটারকে শেষবারের মতো বিদায় জানাতে ভিড় করেন সহকর্মী, বন্ধু, পরিবার ও এলাকাবাসী। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফনকে ঘিরে এলাকায় শোক ও গর্বের আবহ তৈরি হয়। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামীম আহমেদ রুকেল। এর আগে, ২২ সেপ্টেম্বর, গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকা- নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে তিনি মারাত্মক দগ্ধ হন।
