কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠিত: ফুলবাড়ী উপজেলার জয়জয়কার

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম প্রতিনিধি

সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে তৃণমূল থেকে দক্ষ খেলোয়াড় নির্বাচনের বিশেষ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। সরকারের এই মহৎ কর্মসূচির আওতায় রোববার (৩ মে ২০২৬) কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার মধ্যে ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট: ফুলবাড়ী উপজেলার জয়

স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এই উৎসবমুখর প্রতিযোগিতা শুরু হয়। বৃষ্টির কারণে ক্রিকেট খেলার পিচ ভেজা থাকায় দুপুর ১টায় বিকল্প প্রশিক্ষণ স্থানে ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার বালক ক্রিকেট দলের মধ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হয়। অন্যদিকে, রাজারহাট উপজেলার বালিকা ক্রিকেট দল উপস্থিত না হওয়ায় ফুলবাড়ী বালিকা ক্রিকেট দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে।

ফুটবল: রাজারহাটকে হারাল ফুলবাড়ী

বিকেল ৩টায় রাজারহাট বালক ফুটবল দল বনাম ফুলবাড়ী বালক ফুটবল দলের মধ্যে রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথম পর্বে নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি। তবে দ্বিতীয় পর্বের খেলায় নিজেদের আধিপত্য বজায় রেখে ফুলবাড়ী ফুটবল দল ১-০ গোলে রাজারহাট দলকে পরাজিত করে বিজয়ী হয়।

প্রতিভার খোঁজে নতুন কুঁড়ি

আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাগুলোকে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। এ ধরনের নিয়মিত আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে দেশ বরণ্য খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *