আগামীকাল হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে ‘অষ্টমী স্নানোৎসব’
প্রদীপ কুমার সরকার, (হোসেনপুর), কিশোরগঞ্জ প্রতিনিধি

হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘অষ্টমী স্নান উৎসব’ আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে পুণ্যস্নানের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
যৌথ উদ্যোগে রাজকীয় আয়োজন
হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে এই অষ্টমী স্নান উৎসবের আয়োজন করছে। লাঙ্গলবন্দ স্নান উৎসবের পাশাপাশি এই অঞ্চলেও প্রতি বছর বিপুল উৎসাহ-উদ্দীপনায় এই উৎসব পালিত হয়।
দিনব্যাপী মেলার প্রস্তুতি
অষ্টমী স্নান উপলক্ষ্যে ব্রহ্মপুত্র নদের ঘাট, হোসেনপুর কাচারী এলাকা, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামবাংলার মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, এবার এই উৎসবে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটবে। মেলায় কুটির শিল্প, শিশুদের খেলনা ও গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।
নিরাপত্তা ও শৃঙ্খলা
কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, প্রতিবছরের মতো এবারও জাতি-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।
ভোর থেকেই পুণ্যার্থীরা ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান সেরে জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করবেন। এলাকাবাসীর প্রত্যাশা, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে এই উৎসব সর্বজনীন রূপ পাবে।
