আইফোন ১৭ সিরিজে আগাম ফরমাশের হিড়িক, পিছিয়ে আইফোন এয়ার
আহসান হাবীব

আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার নামের ৪টি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপলএএফপি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৪
অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে আসার আগেই ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে নতুন মডেলের আইফোনগুলো বাজারে আসার কথা থাকলেও আগাম ফরমাশ দেওয়া যাচ্ছে। প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, আগাম ফরমাশ কার্যক্রমে বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো হচ্ছে। তবে, অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা আইফোন ‘আইফোন এয়ার’ সম্পর্কে আগ্রহ বেশি থাকলেও মডেলটি আগাম ফরমাশে কিছুটা পিছিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকের মতামত
অ্যাপল পণ্যের খ্যাতিমান বিশ্লেষক মিনগ চি কুও খুদে ব্লগ লেখার সাইট এক্স-এ (সাবেক টুইটার) জানান, আইফোন ১৭ সিরিজের আগাম ফরমাশ শুরুর প্রথম সপ্তাহেই গত বছরের আইফোন ১৬ সিরিজের তুলনায় বেশি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সিরিজের সবচেয়ে দামি ও শক্তিশালী মডেল আইফোন ১৭ প্রো ম্যাক্সের চাহিদা বেশি দেখা গেছে। অন্যান্য মডেলও বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে, আইফোন এয়ার নিয়ে চিত্রটা ভিন্ন।
আইফোন এয়ার কেন পিছিয়ে?
মিনগ চি কুও মনে করেন, আগাম ফরমাশে আইফোন এয়ার কিছুটা পিছিয়ে রয়েছে। এ বিষয়ে তিনি জানান, আইফোন এয়ারের প্রাথমিক চাহিদা গত বছরের একই সময়ের আইফোন ১৬ প্লাসের তুলনায় কম দেখা যাচ্ছে। কিন্তু, এখনই এটিকে বাজারে ব্যর্থতার পূর্বাভাস হিসেবে দেখা ঠিক হবে না।
এর কারণ হিসেবে তিনি বলেন, এ বছর আইফোন এয়ারের উৎপাদনের পরিমাণ গত বছরের আইফোন ১৬ প্লাসের তুলনায় প্রায় তিন গুণ বেশি। ফলে, সরবরাহ বেশি হওয়ায় আগাম ফরমাশের চাহিদা তুলনামূলকভাবে কম মনে হতে পারে। তিনি আরও জানান, বিক্রি শুরুর নির্দিষ্ট সময় পার হওয়ার পরই আইফোন এয়ারের প্রকৃত বাজারচিত্র বোঝা যাবে। https://www.apple.com
