আইফোনসহ আরও যেসব পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল

আইফোনের পাশাপাশি নতুন মডেলের অ্যাপল ওয়াচ, এয়ারপড এবং বিভিন্ন যন্ত্রাংশ উন্মোচন করতে পারে অ্যাপলরয়টার্স
আহসান হাবীব
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪৯
প্রতিবছরই সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোনসহ নিজেদের তৈরি বিভিন্ন পণ্য আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল। অনুষ্ঠানে অ্যাপল আইফোনসহ আর কী কী নতুন পণ্য ঘোষণা দিতে পারে—এ প্রশ্নই এখন প্রযুক্তিপ্রেমীদের মুখে মুখে। বাজার–বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপড এবং বিভিন্ন যন্ত্রাংশ উন্মোচন করতে পারে অ্যাপল। সম্ভাব্য নতুন অ্যাপল পণ্যের তালিকা দেখে নেওয়া যাক।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১ ও আলট্রা ৩
অ্যাপল ওয়াচ সিরিজ ১১–এর নকশা মূলত আগের মডেল সিরিজ ১০–এর মতোই থাকবে। তবে নতুন সংস্করণে আরও উজ্জ্বল স্ক্রিন ও রঙে সামান্য পরিবর্তন আসতে পারে। বাজেটবান্ধব অ্যাপল ওয়াচ এসইতেও এবার বড় পর্দা ও দ্রুতগতির চিপ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর কোনো হালনাগাদ না পাওয়া অ্যাপল ওয়াচ আলট্রায় এবার বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। নতুন আলট্রা ৩ মডেলে থাকতে পারে বড় আকারের পর্দা, ৫জি রেডক্যাপ সমর্থিত মডেম এবং স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে বার্তা পাঠানো ও জরুরি কল করার সুবিধা।
