অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল

প্রদীপ কুমার সরকার, (হোসেনপুর),কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু থেকে বৃদ্ধ—সবাই এই স্নানোৎসবে শামিল হন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই স্নান সম্পন্ন হয়।

উৎসবের আয়োজন ও অতিথি

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। অনুষ্ঠানটি পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সেবামূলক উদ্যোগ ও ধর্মীয় রীতি

অষ্টমী স্নান উপলক্ষে উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পুণ্যার্থীরা তাদের স্নান সম্পন্ন করেন। কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকেও হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশ নেন।

ঐতিহ্যবাহী মেলা ও আমেজ

স্নানোৎসবকে কেন্দ্র করে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি মাঠ ও রামপুর বাজারে বসেছে বিশাল মেলা। মেলায় হরেক রকম খেলনা, মিষ্টি ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলা ও স্নানকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রশাসনের বক্তব্য

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এবারের অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। গতবছরের তুলনায় এবার পুণ্যার্থীদের উপস্থিতি ছিল অনেক বেশি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *