অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা

বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া।
আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলাটি করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ আমিনুল ইসলাম।
মামলার অভিযোগ ও পটভূমি
মামলার অভিযোগে বলা হয়, ফ্যাশন হাউস অ্যাপোনিয়া থেকে শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তানজিন তিশা তা করেননি। এমনকি ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়িটির মূল্যও তিনি পরিশোধ করেননি এবং যোগাযোগ বন্ধ করে দেন।
- পূর্ব নোটিশ: গত ২২ অক্টোবর অ্যাপোনিয়া কর্তৃপক্ষ তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছিল। নোটিসে ক্ষতিপূরণ দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুককে নিয়ে মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিশা নোটিসের কোনো জবাব দেননি।
- তিশার দাবি: এর আগে এক ফেসবুক পোস্টে তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাঁকে উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।
আদালতের নির্দেশনা
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হয়। ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
