অপরাধী যেই হোক ছাড় নেই, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রী
শাহ আলম, (ঘোড়াঘাট), দিনাজপুর প্রতিনিধি

সুশাসন নিশ্চিত করতে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি বলেন, “ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক পরিচয় আইনের উর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।”
হতদরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ঘোষণা
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষ সুখবর দেন। তিনি জানান, অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়নে প্রতিটি পরিবারের গৃহিণীর নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে নগদ অর্থ অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ
তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “মাদক কেবল একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়।” মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
প্রশাসনের নিরপেক্ষতা ও জনপ্রতিনিধিদের ভূমিকা
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী পুলিশ সুপার (নবাবগঞ্জ-বিরামপুর সার্কেল) হারেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সাবেক জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
