প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ)

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে র্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
এ সময় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব সঞ্চিত চন্দ্র শীল, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার উপজেলা শাখার সদস্য সাংবাদিক মাহফুজ রাজা, উপজেলা শাখার সদস্য সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, সাংবাদিক খায়রুল ইসলাম ও ওমর ফারুক খান জনি।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সদস্য সাংবাদিক সাগর মিয়া, এস এম রিফাত, এসকে শাহীন নবাব, রিফাত মিয়া, কবি হাদিউল ইসলাম, নিসচা উপজেলা শাখার সদস্য ফরিদা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের সচেতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আকিল উদ্দিন।
আইন মানা ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি
সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং পথচারীদের সতর্কতা অবলম্বন করা জরুরি।
সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।
লিফলেট বিতরণ ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান
কর্মসূচির অংশ হিসেবে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে সাধারণ পথচারী ও চালকদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহারের বিশেষ বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।