স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট
মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে জেনারেটর ও সোলার সিস্টেমসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ।
ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি
ফার্মাসিস্ট মামুনুর রশিদ জানান, শনিবার বিকেল ৩টার দিকে অফিস তালাবদ্ধ করে চলে যান তিনি। পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে অফিসে এসে দেখেন সামনের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় আলমারির তালা ভেঙে একটি জেনারেটর, একটি সোলার সিস্টেম ব্যাটারি, বেশ কয়েকটি সিলিং ফ্যান এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তাঁর দাবি অনুযায়ী, লুট হওয়া মালামালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
নিরাপত্তা সংকট ও জনবল অভাব
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএমএস তৌকির আহমদ জানান, এই কেন্দ্রে নিরাপত্তা প্রহরীসহ ৪টি পদ শূন্য থাকায় রাতে এটি অরক্ষিত থাকে। শুধু একজন আয়া দিনের বেলা কর্মরত থাকেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম বলেন, “আলাদা ভবন না থাকায় আমরা পরিবার পরিকল্পনা অফিসের দুটি রুম ব্যবহার করি। এখানে জরুরি ভিত্তিতে পৃথক অফিস প্রয়োজন।” তিনি চুরির ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
আইনি পদক্ষেপ
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ৩০ মার্চ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ফার্মাসিস্ট মামুনুর রশিদ। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন ওসি।
