সৌরজগতে রহস্যময় বস্তু শনাক্ত: কক্ষপথের নিয়ম মানছে না অ্যামোনাইট

সৌরজগতে রহস্যময় বস্তু শনাক্ত করেছেন বিজ্ঞানীরাফ্রিপিক।
প্রযুক্তি ডেস্ক।
সৌরজগতে বিজ্ঞানীরা ২০২৩ কেকিউ১৪ নামের একটি রহস্যময় বস্তু শনাক্ত করেছেন, যা ‘অ্যামোনাইট’ নামে পরিচিত। বিজ্ঞানীরা ধারণা করছেন, বস্তুটি কক্ষপথের নিয়ম মানছে না। সেডনয়েড (Sednoid) নামের বিরল ট্রান্স-নেপচুনিয়ান ক্ষুদ্র শ্রেণির অন্তর্গত এই বস্তুটি নেপচুনের কক্ষপথের অনেক দূরে অবস্থান করছে।
তাইওয়ানের একাডেমিয়া সিনিকা ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী ই-টুং চেনের নেতৃত্বে বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী বস্তুটি শনাক্ত করেছেন।
রহস্য ও সম্ভাবনা
- অমিল: বস্তুটির গতিপথ আগে আবিষ্কৃত হওয়া তিনটি সেডনয়েডের গতিপথের সঙ্গে মিলছে না।
- প্রশ্ন: এই অমিলের কারণে বস্তুটি লুকানো কোনো দূরবর্তী গ্রহ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বস্তুটি প্রাথমিক সৌরজগতের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে।
- দূরত্ব: অ্যামোনাইট সূর্যের সবচেয়ে কাছে আসে ৬৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে। এর অবস্থান নেপচুনের সরাসরি মহাকর্ষীয় প্রভাবের বাইরে।
এই বস্তুটি আবিষ্কারের ফলে বিজ্ঞানীদের সামনে ৪০০ কোটি বছর আগের সৌরজগৎ কেমন ছিল, তা জানার সুযোগ তৈরি হয়েছে। অধিকাংশ দূরবর্তী ছোট বস্তুর ওপর নেপচুনের মাধ্যাকর্ষণ প্রবলভাবে প্রভাবিত করে, কিন্তু সেডনয়েডের ক্ষেত্রে তা দেখা যায় না। বিজ্ঞানীরা মনে করেন, অন্য কোনো শক্তি বহু বছর আগে এদের দূরে ঠেলে দিয়েছে।
অ্যামোনাইট আবিষ্কারের ফলে সেডনয়েডের তালিকায় এখন চারটি বস্তু অন্তর্ভুক্ত হলো, যা সৌরজগতের বাইরের অংশের গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
