নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে উপভোগ করেন। সরকারপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে এ সময় হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়।
অনুষ্ঠানে আগমন ও অভ্যর্থনা
খালেদা জিয়া বিকাল ৪টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন। তিনি গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। এ সময় তাঁর পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। তাঁকে হাত তুলে অভিভাদনের জবাব দিতে দেখা যায়।
উপস্থিতি ও বক্তব্য
অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৌঁছালে বিকাল ৪টার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তারপর প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে ছিলেন তাঁর মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
