মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ঝিনাইগাতী উপজেলার জামতলা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
আটককৃতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিষ্টার আলী (৩৬)।
জব্দকৃত মদের মূল্য ও আইনি পদক্ষেপ
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ৫০ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
ঘটনার বিবরণ দিয়ে বিজিবি জানায়, এই চোরাচালানের সাথে জড়িত আটককৃত ২ জনসহ মোট ৫ জনের বিরুদ্ধে (পলাতক ৩ জন) সংশ্লিষ্ট ধারায় ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষায় কঠোর বিজিবি
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁদের কঠোর আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক মুক্ত সমাজ গঠনে বিজিবি নিয়মিত তদারকি ও নজরদারি জোরদার করেছে।