মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ই-সিগারেট (ভেপ) ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণ এবং কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) পৌর প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ তামাকবিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক।
আলোচনা ও অতিথিদের উপস্থিতি
যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় তামাকের ক্ষতিকর প্রভাব, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে সর্বনাশা তামাকের আসক্তি থেকে সুরক্ষার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ চন্দ্র, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আইন বাস্তবায়ন ও প্রশাসনের আশ্বাস
সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত টাস্কফোর্স কমিটির কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের মাঝে ই-সিগারেট ও নিকোটিন পাউচের ক্রমবর্ধমান বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. আব্দুল মালেক তামাকবিরোধী কার্যক্রমে পৌর প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ সর্বাত্মক সহযোগিতা প্রদানের জোরালো আশ্বাস দেন। পরিশেষে, তামাকের ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।