রেললাইন সম্প্রসারণে সীমান্তবর্তী জনগণের প্রত্যাশা পূরণ হবে: ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেছেন, নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। বুধবার (১৩ মে ২০২৬) প্রস্তাবিত রেললাইন সম্প্রসারণ এলাকা সরেজমিন পরিদর্শন ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
১০৮ বছরের স্থবিরতা কাটানোর উদ্যোগ
ডেপুটি স্পিকার বলেন, “জারিয়া ঝাঞ্জাইল ১০৮ বছরের পুরনো একটি স্টেশন। কিন্তু এক শতাব্দী আগে যে উন্নয়ন হয়েছিল, সবকিছু যেন সেখানেই থেমে আছে। বর্তমান সরকারের রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই দীর্ঘস্থায়ী স্থবিরতার অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”তিনি উল্লেখ করেন, গত নির্বাচনে এই অঞ্চলের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রেললাইনের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, “দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে এই রেললাইন সম্প্রসারণ একটি সময়োপযোগী উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
প্রতিমন্ত্রীর বক্তব্য ও বর্তমান অবস্থা
পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ডেপুটি স্পিকারের ঐকান্তিক চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। বর্তমানে লাইনটি সম্প্রসারণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) এবং ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।
উপস্থিতিবৃন্দ
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক এবং দুর্গাপুর প্রেসক্লাব ও বণিক সমিতির সভাপতি। এ সময় উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
