মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিজাতীয় সংস্কৃতি পরিহার করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এই অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিজাতীয় সংস্কৃতি অপসারণের আহ্বান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “ভাষা আন্দোলনই ছিল আমাদের সকল অধিকার আদায়ের মূল ভিত্তি। ভাষা শহীদদের ঋণ শোধ করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিজাতীয় সংস্কৃতির অপসারণ নিশ্চিত করতে হবে।” তিনি দীর্ঘদিনের বিদেশি শব্দের অতিরিক্ত ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় গবেষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

অধিকার আদায়ের প্রথম সোপান একুশ

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি তাঁর বক্তব্যে বলেন, “রাষ্ট্রভাষা বাংলা চাই” আন্দোলন ছিল আমাদের মৌলিক অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কোনো সাধারণ তারিখ নয়, এটি বাঙালি জাতির চেতনার চিরন্তন উৎস। তিনি পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভাষার ঐতিহ্যকে ভালোবাসতে হবে এবং কোনো ভাষাই যেন বিলুপ্ত না হয় সেদিকে বিশ্ববাসীকে সচেতন থাকতে হবে।

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপস্থিত সুধীজন

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি নিখাদ ভালোবাসার আবহে সম্পন্ন হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *