ময়মনসিংহে সুন্দরী আরমান হত্যায় একযুগ পর পলাতক আসামি রিপন ডিবি’র হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের অভিযানে দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকা একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল মালেক রিপন। বুধবার (৫ নভেম্বর) নগরীর আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আঃ মালেক রিপন কালিঝুলি এলাকার আরমান ইসলাম ওরফে সুন্দরী আরমান হত্যা মামলার অন্যতম আসামি।
মামলার বিবরণ ও গ্রেপ্তার অভিযান
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে নগরীর কাচিঝুলি এলাকার সিদ্দিক মাস্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে আঃ মালেক রিপনসহ অন্যান্যরা সুন্দরী আরমান ইসলাম (২৬)-কে হত্যা করে।
উক্ত ঘটনায় নিহতের বড় ভাই মো. আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ-০৪/১২/২০১৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন।
দীর্ঘদিন যাবৎ মামলার অন্যতম আসামি মো. আব্দুল মালেক রিপন আত্মগোপনে ছিলেন। পুলিশ সুপারের নির্দেশনায়, ডিবি (উত্তর), ময়মনসিংহের তত্ত্বাবধানে এসআই যুবরাজ দাস, এসআই ফিরোজ আলী, এসআই পিন্টু কুমার রায় এবং তাদের সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। বুধবার (৫ নভেম্বর) আকুয়া এলাকা থেকে পলাতক আসামি মো. আব্দুল মালেক রিপনকে একযুগ পর গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপনের পিতার নাম মৃত হাফিজ উদ্দিন এবং সে গোয়াইলকান্দি একাডেমী রোডের (বড়বাড়ী) বাসিন্দা।
