ময়মনসিংহে বিওয়াইএলসি’র সিগনেচার লিডারশিপ প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়স্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)-এর সিগনেচার লিডারশিপ প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে দি এমব্যাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস-এর সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

১৪০ জন শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন সম্পন্ন

এই লিডারশিপ প্রোগ্রামে ময়মনসিংহ অঞ্চলের ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা মাধ্যম থেকে নির্বাচিত মোট ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) ৫৯তম ব্যাচ এবং বিবিএলটি জুনিয়র (বিবিএলটিজে) ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা ৭ সপ্তাহ ও ৪ সপ্তাহব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

সমাজের কল্যাণে তরুণদের ভূমিকা

প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প বাস্তবায়ন করেন। এর মাধ্যমে তারা ময়মনসিংহের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সাড়ে ৮ হাজারেরও অধিক মানুষকে বিভিন্ন সেবা প্রদান করেছেন। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পাশাপাশি তাঁদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। তিনি বিওয়াইএলসি’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, “বিওয়াইএলসি’র পথচলা আমাদের স্বপ্ন ও সাহস দিয়ে জীবনের গল্প পরিবর্তনের প্রেরণা দেয়। তবে আমরা সেই সফলতা চাই না যা সমাজের ক্ষতি করে। নিজেদের এমনভাবে গঠন করতে হবে যেন কাজের মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা যায়।”

বিশেষ অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ। বিওয়াইএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মোঃ আলী আশরাফ এবং ডেপুটি ম্যানেজার আকিব বিন হুসাইন।

উল্লেখ্য, এবারের প্রোগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আফরোজ খান মডেল স্কুল, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এবং আল-আরাবীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *