ময়মনসিংহে প্রযুক্তিনির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংলাপ

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ডিজিটাল রূপান্তরের এই যুগে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (TFGBV) একটি ক্রমবর্ধমান জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে এই হার উদ্বেগজনকভাবে ৮৯ শতাংশে পৌঁছেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (২০ জানুয়ারি) ময়মনসিংহে ‘প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয়’ শীর্ষক এক মাল্টিস্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং নিষ্ঠা উন্নয়ন সংঘ যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্য

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা। তিনি বলেন, “প্রযুক্তি বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে পারব না, তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুল তথ্য ও অপতথ্য কঠোর হাতে দমন করতে হবে। আইনি প্রতিকারের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।” তিনি ভুক্তভোগীদের সহায়তায় সরকারি ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ হেল্পলাইন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপের মূল আলোচনা

বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় সহিংসতার ভয়াবহতা ও বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী সহিংসতার বিস্তৃতি এবং স্থানীয় পর্যায়ে আইনি সীমাবদ্ধতা ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবের বিষয়টি আলোচনা করেন।

সংলাপে ১৬ জন নির্ধারিত বক্তা ছাড়াও আইএসপি প্রতিনিধি, ক্যাবল নেটওয়ার্ক, এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের এজেন্টরা অংশ নেন। বক্তারা বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন থাকলেও মাঠপর্যায়ে প্রশিক্ষিত তদন্ত কর্মকর্তার অভাব রয়েছে, যা বিচার নিশ্চিতে বড় বাধা।

সহযোগিতা ও অর্থায়ন

সুইজারল্যান্ড এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সংলাপে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে জ্ঞান ও জবাবদিহিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *