স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং প্রয়োজনে বিজিবি মোতায়েনের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উৎসবের আবহ নষ্ট করতে পারে—এমন যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
গতকাল রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা ও উন্নয়ন ত্বরান্বিত করার তাগিদ
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেবল আলোচনাতেই সীমাবদ্ধ রাখলে চলবে না, গৃহীত সিদ্ধান্তগুলোর দৃশ্যমান অগ্রগতি প্রতিটি সভার আগেই বাস্তবায়ন করতে হবে। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সমন্বয় বাড়িয়ে জনগণের সেবাদান দ্রুততর করা এখন সময়ের দাবি।”
তিনি মাদকদ্রব্য নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে কৃষি ও সমাজকল্যাণ বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
উন্নয়ন পরিকল্পনা ও অনিয়ম-দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী জানান, ময়মনসিংহের সুষম উন্নয়নে সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের প্রশাসককে সাথে নিয়ে বহুমাত্রিক প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে রাস্তাঘাট উন্নয়ন, নদীভাঙন রোধ, খাদ্যগুদাম নির্মাণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন ভবন সংস্কার ও নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী বছর থেকেই এসব উন্নয়নকাজের সুফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উন্নয়নকাজে দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান কঠোর। কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক কাজের গুণগত মান তদারক করবেন।”
পূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, মণ্ডপে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।
উপস্থিতিবৃন্দ
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সামরিক ও বেসামরিক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ এতে অংশ নেন।