ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত কমপক্ষে ৫০

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মনোনয়নবঞ্চিত প্রার্থীর নারী সমাবেশের মঞ্চ, বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শহরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের বিবরণ

গৌরীপুর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। অন্যদিকে, মনোনয়নবঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণ

পূর্বনির্ধারিত সময়ে রবিবার বিকেলে দুই পক্ষই পৌর শহরের আলাদা স্থানে সভার আয়োজন করে। ইকবাল পক্ষ গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে এবং হিরণ পক্ষ শহরের মধ্যবাজার ধান মহাল এলাকায় সভার আয়োজন করে। বিকেল চারটা থেকে দুই সমাবেশেই নেতাকর্মীরা আসতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষই নিজ নিজ স্থানে মিছিল নিয়ে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একে অপরের ওপর হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

ভাঙচুর ও হতাহতের অভিযোগ

  • ইকবাল পক্ষের অভিযোগ: এই পক্ষের নেতা হাবিবুল ইসলাম খান শহীদ জানান, শান্তিপূর্ণ মিছিল নিয়ে নারী সমাবেশে যাওয়ার পথে হিরণের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এমনকি মনোনয়নপ্রাপ্ত ইকবালের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
  • হিরণ পক্ষের অভিযোগ: এই পক্ষের নেতা সুজিত কুমার দাস জানান, ইকবালের উপস্থিতিতে পেছনে থাকা নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মিছিল থেকেই সমাবেশস্থলে প্রবেশ করে সমাবেশে আসা নারীদের ওপর হামলা চালায়। এতে হিরণের স্ত্রী সাঈদা মাশরুরসহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ সময় মঞ্চ ভাঙচূর ছাড়াও নেতাকর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এর আগে, ইকবাল হোসেইন পক্ষকে আক্রমণ করায় জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ স্থানীয় চার ব্যক্তিকে আহত করে হিরণের সমর্থকরা। এ ঘটনায় যৌথ বাহিনী চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

প্রশাসনের পদক্ষেপ

এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনেকেই আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *