ভৈরবে মালবোঝাই পিকআপ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক

ভৈরব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে মালবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ভৈরব উপজেলার আগানগর গ্রামে এই ঘটনা ঘটে। আটক তিন যুবক হলেন- মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫)। তারা সবাই ভৈরব পৌর শহরের গাছতলা ঘাট এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জের একটি রাইস মিল থেকে চিড়ার মিলের উদ্দেশ্যে মালবোঝাই করে পিকআপটি ভৈরবে যাচ্ছিল।
পথিমধ্যে গাড়িটি ভৈরব শহরের গাছতলা ঘাট এলাকায় পৌঁছালে ওই তিন যুবক চালককে ভুল পথে নির্দেশনা দিয়ে গাড়িটি ভৈরব উপজেলার প্রত্যন্ত এলাকা আগানগর গ্রামে নিয়ে যায়। সেখানে তারা চালককে মারধর করে এবং জোরপূর্বক পিকআপটি ছিনতাইয়ের চেষ্টা করে। পরে ছিনতাইকারী দলের এক সদস্য নিজেই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। তবে চালক দ্রুত বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযানে নামে।
রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা এলাকায় দুর্জয় মোড় অতিক্রম করার সময় পুলিশ অভিযানে নামে এবং তিনজনকে আটক করতে সক্ষম হয়। গাড়ির মালিক তৌহিদ মিয়া জানান, ছিনতাইকারীরা চালককে মারধর করে গাড়ি থেকে ফেলে দেয়। চালক তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ গাড়ি ও মালামালসহ ছিনতাইকারীদের আটক করে। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তালেব জানান, আটককৃত তিন যুবক চিহ্নিত ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন।
