বুটেক্সের সমাবর্তনে একই পরিবারের চার গ্র্যাজুয়েট: বিরল নজির
এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম সমাবর্তন ছিল হাজারো শিক্ষার্থীর আবেগ ও প্রাপ্তির মিলনমেলা। তবে এই সমাবর্তনটি মো. জাকারিয়া আলম ঝিকু ও তাঁর পরিবারের জন্য ছিল এক অনন্য ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ, এই একই সমাবর্তনে জাকারিয়ার সঙ্গে ডিগ্রি নিয়েছেন তাঁর ছোট বোন, স্ত্রী এবং ভগ্নিপতিও।
একই সমাবর্তনে চারজন
৩৭তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মো. জাকারিয়া আলম ঝিকু বুটেক্স থেকে ডিগ্রি নিয়েছেন। অন্যদিকে, তাঁর পরিবারের বাকি তিন সদস্য—ছোট বোন ফারিয়া নাদির যুমার, স্ত্রী নুসরাত জাহান এবং ভগ্নিপতি ফাহাদ বিন ইউসুফ বুটেক্স অধিভুক্ত নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে একই সমাবর্তন থেকে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
কাকতালীয় ও আবেগঘন মুহূর্ত
জাকারিয়া আলম বর্তমানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। মজার বিষয় হলো, তিনি নিজেও এক সময় নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রভাষক ছিলেন, যেখানে বর্তমানে তাঁর স্ত্রী নুসরাত জাহান শিক্ষকতা করছেন।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জাকারিয়া বলেন, “জীবনে কখনো ভাবিনি এমন কাকতালীয় ঘটনা ঘটবে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমাদের পরিবারের সবাইকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার তৌফিক দান করেছেন। আমাদের বাবা-মায়ের দোয়ায় আজ আমরা সবাই একসাথে এই অর্জন উদযাপন করছি।”
সমাবর্তনের প্রেক্ষাপট
শনিবার (২৭ ডিসেম্বর) বুটেক্সের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই সমাবর্তনে ৪১২৬ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংগাই ওয়াং এবং বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
একই ছাদের নিচে চার স্বজনের এমন সাফল্য কেবল একটি পরিবারের আনন্দ নয়, বরং দেশের টেক্সটাইল সেক্টরে একই পরিবারের নিবিড় সংশ্লিষ্টতার এক দারুণ উদাহরণ হয়ে রইল।
