বিদ্যালয়ে তালা: গাছতলায় চলছে ক্লাস, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। দীর্ঘ এক মাস ধরে বিদ্যালয়টি তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা গাছতলায় ও মানুষের বাড়িতে ক্লাস করতে বাধ্য হচ্ছে।
ঘটনার বিবরণ
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, নিয়োগ-সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ মার্চ থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় একটি পক্ষ। ফলে প্রায় ২০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
নিয়োগ নিয়ে দ্বন্দ্ব ও অভিযোগ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমিদাতার পরিবার থেকে কাঙ্ক্ষিত শিক্ষক নিয়োগ না দেওয়ায় মোঃ মাসুদ রানা ও মোঃ সোহেল রানার পরিবার এই চরম পথ বেছে নিয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম নাঞ্জু বলেন, “২০১৯ সাল থেকে সুনামের সাথে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে চরাঞ্চলের অনেক শিক্ষার্থী রয়েছে। অভিযুক্তরা শর্ত দিয়েছেন যে, তাদের নিয়োগ দিলেই কেবল তালা খোলা হবে। বর্তমানে বাচ্চারা আমগাছ বা জামগাছতলায় ক্লাস করছে।”
অভিযুক্তের বক্তব্য
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ সোহেল রানা এ বিষয়ে দায় অস্বীকার করে বলেন, “আমার বাবা মারা যাওয়ার আগেই তালা দিয়েছিলেন। আমি এ বিষয়ে কিছু জানি না।” তবে স্থানীয়দের দাবি, ব্যক্তিগত স্বার্থে একটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে বন্ধ করে দেওয়া আইনত অপরাধ।
শিক্ষার্থী ও অভিভাবকদের আকুতি
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ ইসরাত জাহান ঐশী ও ষষ্ঠ শ্রেণির মোঃ লিটন মিয়াসহ অসংখ্য শিক্ষার্থী তাদের প্রিয় বিদ্যালয়ে ফিরে যাওয়ার আকুতি জানায়। অভিভাবক এম এ সালাম সরকার ও মোঃ আলতাফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
