বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান হবে: প্রিন্স

ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি ও সংবাদ: নজরুল ইসলাম।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি দেশের মানুষের আত্মমর্যাদা ও পরিশ্রমের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে স্বাবলম্বী করে তুলবে।
​রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


​এমরান সালেহ প্রিন্স শহীদ জিয়াউর রহমানের নীতির কথা স্মরণ করে বলেন, বিএনপি সর্বদা আত্মনির্ভরশীলতার রাজনীতিতে বিশ্বাসী। তিনি উল্লেখ করেন, শহীদ জিয়া বিদেশি সাহায্যের পরিবর্তে দেশের মানুষের জন্য কাজের সুযোগ তৈরিকে বেশি গুরুত্ব দিতেন, যা বিএনপির মূলনীতি।


​বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করলে অস্বচ্ছল জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ, বেকার ভাতা এবং কৃষকদের ফসল উৎপাদনে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এছাড়া কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউনিয়নে সরকারি ধান ক্রয়কেন্দ্র এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে।


​সম্মেলনের পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এমরান সালেহ প্রিন্স ঘোষগাঁও ও বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, বিএনপি ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।


​ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বরের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *