বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে বিবাদ: ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রদীপ কুমার সরকার, (হোসেনপুর উপজেলা প্রতিনিধি),কিশোরগঞ্জ

বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শুভ শিগগিরই প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদের সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে রিয়াদ ক্ষিপ্ত হয়ে শুভকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনি পদক্ষেপ
ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
