প্রেসক্লাব সংস্কারের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা প্রশাসককে (ডিসি) প্রেসক্লাবের সভাপতির পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া ঘোষিত নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বক্তাদের মূল দাবি
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাবকে প্রকৃত অর্থে সাংবাদিকদের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। অসাংবাদিক ব্যক্তি যেমন—আমলা, আইনজীবী, ডাক্তার বা ব্যবসায়ীদের সদস্যপদ দেওয়া নীতিবিরোধী। বক্তারা অভিযোগ করেন, পেশাদার সাংবাদিকদের বাদ দিয়ে একটি ‘তথাকথিত’ ভোটার তালিকার মাধ্যমে প্রহসনের নির্বাচনের আয়োজন করা হচ্ছে, যা সাংবাদিক সমাজ মেনে নেবে না।
বক্তারা অবিলম্বে নিচের তিনটি পদক্ষেপ নেওয়ার দাবি জানান: ১. পেশাদার সাংবাদিকদের সঠিক ও স্বচ্ছ তালিকা প্রণয়ন। ২. একটি যুগোপযোগী ও গণতান্ত্রিক গঠনতন্ত্র তৈরি। ৩. জেলা প্রশাসককে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে সাংবাদিকদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন।
হুঁশিয়ারি ও আন্দোলনের ঘোষণা
সংস্কার কমিটির নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি উপেক্ষা করে বর্তমান অবস্থাতেই নির্বাচন আয়োজন করা হয় এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার জেলা প্রশাসককে বহন করতে হবে।
উপস্থিতিবৃন্দ
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক আজগর হোসেন রবিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আজহারুল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সদস্য সচিব শিবলী সাদিক খান, মুখ্য সংগঠক মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশসহ আরও অনেকে। মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
