পূজার নিরাপত্তায় ময়মনসিংহে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

হালুয়াঘাট প্রতিনিধি

প্রকাশ:২৪শে সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

​নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বুধবার (২৪ সেপ্টেম্বর) হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

​সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক মেহেদী হাসান জানান, সীমান্তের ৮ কিলোমিটার জুড়ে বিজিবির আওতাধীন এলাকায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরও ২ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য।

​তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

​অধিনায়ক মেহেদী হাসান এলাকার সচেতন মহলের প্রতি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

​হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র দত্ত বলেন, সরকারি উদ্যোগ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পূজার সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে। এতে আমরা আশাবাদী, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারব।

​জানা গেছে, এ বছর হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর নিয়মিত মোতায়েন থাকবে এবং সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *