নোবিপ্রবিতে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও উন্নত ক্যারিয়ার গড়ার পথ সুগম করতে এক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে জুম প্ল্যাটফর্মে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা

ওয়েবিনারটিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের লুমিনাস কোম্পানি লিমিটেড ও টেক-পার্টনার ইনক.-এর প্রতিষ্ঠাতা পরিচালক নোমান আরিফ। তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জাপানে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনা ও কাজের সম্ভাবনাগুলো তুলে ধরেন। বিশেষ করে জাপানে স্থায়ীভাবে বসবাস এবং মানসম্মত চাকরি পাওয়ার ক্ষেত্রে কী কী পূর্বপ্রস্তুতি প্রয়োজন, সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

অন্যতম আলোচক হিসেবে কাজিমা কর্পোরেশন জাপানের সাইট ও সেফটি ইঞ্জিনিয়ার তানভির আরাফ জাপানের কাজের পরিবেশ, সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে কথা বলেন। তিনি ক্যারিয়ার গঠনে জাপানিজ ভাষার গুরুত্ব তুলে ধরে জানান, স্থায়ী চাকরির জন্য ভাষা দক্ষতা অপরিহার্য। জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 থেকে শুরু করে N2 পর্যন্ত কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, সে বিষয়েও তিনি শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করেন।

কর্তৃপক্ষের বক্তব্য

নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: শিবলুর রাহমান ওয়েবিনারটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বাড়াতে নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর প্রতি মাসেই এ ধরণের গাইডলাইন বিষয়ক ওয়েবিনার আয়োজন করে থাকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *