নেত্রকোনা সরকারি কলেজ শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা: বিচারের দাবিতে ফুঁসে উঠেছে রসায়ন বিভাগ
জাহিদ হাসান

নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাতের ওপর পরিকল্পিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জের ধরে কলেজেরই বোটানি বিভাগের কিছু ছাত্র এবং তাদের ডেকে আনা বহিরাগত সন্ত্রাসীরা এই হামলা চালায়। এতে আরাফাতের মাথা ফেটে মারাত্মক জখম হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে ফুঁসে উঠেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনার বিবরণ ও শিক্ষকদের অসহায়ত্ব
আক্রান্ত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) ময়মনসিংহগামী কলেজ বাসে করে যাওয়ার সময় একটি তুচ্ছ ঘটনার সূত্রপাত হয়। বাসটি ময়মনসিংহ ব্রিজে পৌঁছানোর পর শিক্ষার্থীরা নামতে শুরু করলে আগে থেকেই ওত পেতে থাকা বোটানি বিভাগের কিছু ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীরা আরাফাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, উপস্থিত শিক্ষকদের কাছ থেকে আরাফাতকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা তার ওপর নৃশংস আক্রমণ চালায়।

আহত শিক্ষার্থীর অবস্থা
সন্ত্রাসীদের হামলায় আরাফাতের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে সহপাঠীদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।
রসায়ন বিভাগের কঠোর আল্টিমেটাম
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রসায়ন বিভাগের সকল ছাত্রছাত্রী এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নামধারী এসব অমানুষদের কোনো স্থান নেই। তাঁরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং আইনি শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কলেজ কর্তৃপক্ষ যদি দ্রুত সময়ের মধ্যে আশানুরূপ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
