জাল সনদে শিক্ষক নিয়োগ: ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের আর্থিক অনিয়ম ও জাল জালিয়াতির তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি, ভুয়া নিয়োগ এবং অর্থ আত্মসাতের দায়ে প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে।

অনিয়মের খতিয়ান ও বিশাল অংকের সুপারিশ

অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পরিচালিত তদন্তে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়:

  • আর্থিক অনিয়ম: ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ।
  • অনিয়মের ধরন: জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ ব্যবহার, ভুয়া নিয়োগ এবং ভ্যাট-আয়কর ফাঁকি।
  • ভূমি উদ্ধার: বেহাত হওয়া প্রায় ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের সুপারিশও করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ ও সংশ্লিষ্টদের অবহিতকরণ

তদন্ত প্রতিবেদনগুলো ইতোমধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানের এই বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল অংশীজনের কাছে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

পরবর্তী পদক্ষেপ ও নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো প্রতিষ্ঠান ইমেইলে প্রতিবেদন না পেয়ে থাকলে জেলা শিক্ষা অফিসের ‘ডি-নথি’ সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে। কোনো অবস্থাতেই প্রতিবেদন সংগ্রহের জন্য সশরীরে অধিদপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস থেকেও সংগ্রহ সম্ভব না হলে, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ৩ কার্যদিবসের মধ্যে পুনরায় ইমেইলে প্রতিবেদন পাঠানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *