খালিয়াজুরীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুড়িতে ডিজিটাল ভূমিসেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।
স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় সচেতনতার ওপর জোর
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন খালিয়াজুড়ির সহকারী কমিশনার (ভূমি)। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকার প্রান্তিক ও হাওরাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে, কোনো ধরনের দালালের হেনস্থা ছাড়া এবং সম্পূর্ণ হয়রানিমুক্ত উপায়ে জমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে অনলাইন বা অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। ই-নামজারি থেকে শুরু করে ঘরে বসে খাজনা পরিশোধের মাধ্যমে মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।” তিনি সবাইকে দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিস থেকে ডিজিটাল সেবা গ্রহণের আহ্বান জানান।
উপস্থিত সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখেন:
- মোহাম্মদ নাসির উদ্দিন: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), খালিয়াজুড়ি থানা।
- মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু: সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
এছাড়াও উন্মুক্ত আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা নাজমুল হক তরফদার আরিফ, স্থানীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের বিশেষ প্রতিনিধি জহির আহমেদ জিকু, মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিমেল কদর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী শাকিল সারোয়ার, সমাজসেবা কর্মকর্তা রুবেল মিয়া, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায় এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
শতধিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষক দলের অন্যতম নেতা মোঃ দেলোয়ার জাহান, পাপন সরকার, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার প্রায় শতাধিক সাধারণ ভূমি মালিক ও সেবাগ্রহীতা জনতা এই সচেতনতামূলক সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মেলার এই ডেস্কে ই-নামজারি, খতিয়ান সংগ্রহ ও ডিসিআর সংক্রান্ত জটিলতা নিরসনে কর্মকর্তারা সরাসরি সাধারণ মানুষকে কারিগরি পরামর্শ প্রদান করেন।
