মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
খালিয়াজুরী উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক পান্ডব সরকার জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৪০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। এছাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বলে তিনি উল্লেখ করেন।
রবিবার বিকেলে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর নাথপাড়া মন্দিরে অনুষ্ঠিত সার্বজনীন শারদীয় দুর্গা পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন বহিতে স্বাক্ষর ও দিকনির্দেশনা
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং ভক্ত ও এলাকাবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় তিনি উপস্থিত পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সাথে পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বিকভাবে সজাগ থেকে সহযোগিতামূলক দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ
এ সময় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত হৃদয়, বলরামপুর দুর্গা মন্দির কমিটির উপদেষ্টা পুতুল চন্দ্র দেবনাথ, সভাপতি গণেশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।