​খালিয়াজুরীতে ধেনু নদীতে চাঁদাবাজদের নৌকা জব্দ করলেন ইউএনও

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীর চলতি ধেনু নদীতে বাল্কহেড ও মালবাহী জাহাজে চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় চাঁদাবাজদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

​মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে চলতি ধেনু নদীতে নৌ পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের নেপথ্য ও ট্রলার জব্দ

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরীর চলতি ধেনু নদীতে দীর্ঘদিন ধরে একটি দুষ্কৃতকারী চক্র অবৈধভাবে বালু উত্তোলন এবং চলাচলরত বাল্কহেড ও মালবাহী জাহাজে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের ধরতে এই অভিযান চালানো হয়।

​অভিযানের সময় ইউএনও-র উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চাঁদাবাজ সদস্যরা নদীতে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চাঁদাবাজদের ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

​প্রশাসন ও পুলিশের বক্তব্য

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, চলতি ধেনু নদীকে অবৈধ বালু উত্তোলন ও চাঁদামুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান এ বিষয়ে জানান, চলতি ধেনু নদীতে অবৈধ বালু উত্তোলন এবং জলযানগুলোতে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদীটিকে সব ধরনের দখলবাজ ও চাঁদাবাজমুক্ত করা হবে ইনশাআল্লাহ।