খালিয়াজুড়িতে নিখোঁজের ৫ দিন পর ধেনু নদী থেকে শিশুর লাশ উদ্ধার
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের এক নিখোঁজ শিশুর লাশ পাঁচ দিন পর ধেনু নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বেলা আনুমানিক ৩টার দিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর গ্রামের পাশে কালির চড় সংলগ্ন নদী অংশ থেকে ১২ বছর বয়সী শিশু মোঃ আরিফ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
মরহুম আরিফ মিয়া পাঁচহাট গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুর রাজ্জাকের ছেলে।
ঘটনার প্রেক্ষাপট ও বাবার অভিযোগ
পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ মিয়া পাঁচহাট গ্রামের সামনে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর গ্রামের হাওরে তার চাচাতো ভাই জয় ও রাকিবের সাথে একটি হাঁসের খামারের ছোট ঘরে (গোয়ালা ঘর) বসবাস করত।
আরিফের বাবা সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, “গত ১১ মে ভোর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ইটনা উপজেলার ধনপুর গ্রামের উক্তু মেম্বারের ছেলে সুজাদ এবং বক্ত মিয়ার ছেলে বিবেক আমার ছেলেকে খামার থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।” তিনি দাবি করেন, তাঁর ছেলে নিখোঁজ ও মৃত্যুর পেছনে ওই দুজনই দায়ী।
ছেলেকে না পেয়ে গত ১২ মে (মঙ্গলবার) খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৮৩) করেছিলেন আব্দুর রাজ্জাক।
লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া
শনিবার ধেনু নদীতে লাশ ভেসে ওঠার খবর পেয়ে খালিয়াজুড়ি থানার এসআই আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনাস্থল কিশোরগঞ্জ জেলার ইটনা থানা সীমানার অন্তর্ভুক্ত হওয়ায় লাশ উদ্ধারের মূল আইনি প্রক্রিয়াটি পরিচালনা করে ইটনা থানা পুলিশ।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া (সুরতহাল ও ময়নাতদন্ত) সম্পন্ন করার জন্য লাশটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, শিশুটি ইটনা উপজেলার হাওর অংশ থেকে নিখোঁজ হয়েছিল। লাশ উদ্ধারের পর দুই থানার সমন্বয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যানের শোক ও নিন্দা
হাওরের এই অবুঝ শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, “এভাবে একটি শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
