খালিয়াজুড়িতে চাকুয়া ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেপ্তার
মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকালে নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আমিরুল ইসলাম একটি পারিবারিক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
সাজার নেপথ্যে ও গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার লেপসিয়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলামের বিরুদ্ধে তাঁর প্রথম স্ত্রী মর্জিনা খাতুন নেত্রকোনা জেলা জজ কোর্টের পারিবারিক আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত ডিগ্রি প্রদান করেন (ডিগ্রি নং- ৪৪৮/২৫), যাতে আমিরুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খালিয়াজুড়ি থানার এসআই মনজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত হওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
অন্যান্য গ্রেপ্তার
একই দিনে পৃথক অভিযানে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের আকরম আলীর ছেলে আব্দুল রহিমকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সিআর মামলা নং ৬০(১)২৫-এর অধীনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
প্রশাসনিক বক্তব্য
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আসামি মোঃ আমিরুল ইসলাম ও আব্দুল রহিমকে যথাযথ পুলিশ পাহারায় বিধি মোতাবেক নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
