কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন: ৭৯৪ পরিবার পেলেন সুবিধা

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৭৯৪ জন উপকারভোগীর মধ্যে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল

অনুষ্ঠানের অতিথিবৃন্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সঞ্চালনা ও উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • ডা. মো. আনোয়ারুল হক: সংসদ সদস্য, নেত্রকোনা-২ আসন।
  • খন্দকার মুশফিকুর রহমান: জেলা প্রশাসক, নেত্রকোনা।
  • মো. তরিকুল ইসলাম: পুলিশ সুপার, নেত্রকোনা।
  • অ্যাডভোকেট মো. নুরুজ্জামান: প্রশাসক, জেলা পরিষদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম এবং লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্য: মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি যেসব কথা বলেন, সেগুলো বাস্তবায়নের জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করেন এবং পরিকল্পনাগুলো সুসংগঠিতভাবে সাজিয়ে রাখেন। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এখন তিনি সেই দূরদর্শী পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য শুধু একজন নেতার ইচ্ছা থাকলেই হবে না, সমাজের ভালো ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বহুদিন ধরেই ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড ও ফোর্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করে আসছিলেন। প্রবাসে থাকাকালীন সময়েও তিনি দিনরাত পরিশ্রম করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন এবং দেশের মানুষের কল্যাণে এসব পরিকল্পনা সাজিয়ে রেখেছেন।”

ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্য শেষ করে বলেন, “গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন— ‘আই উইশ এ প্ল্যান’। এটি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার ঘোষণা ছিল। তিনি তখনই সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন এবং এখন মাঠপর্যায়ে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।”

আবেদন ও কার্ড প্রাপ্তির পরিসংখ্যান

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই কার্যক্রমে কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনলাইনের মাধ্যমে মোট ১ হাজার ১০ জন আবেদন করেন। যথাযথ যাচাই-বাছাই শেষে ৭৯৪টি পরিবারকে চূড়ান্ত সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। বাকি আবেদনকারীদের মধ্যে ১১০ জন সরকারের অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সুবিধার আওতায় থাকায় নিয়ম অনুযায়ী এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *