“আমরা আজ কলি হয়ে আছি, ইনশাআল্লাহ একদিন ফুটবই”: এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করে নিয়ে এসেছে—সেটি হচ্ছে শাপলাকলি। এই প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন:

“এটি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি, আমাদের নদীময় সভ্যতার প্রতীক, শাপলাকলি শুভ্রতার প্রতীক। আমরা আজ কলি হয়ে আছি, ইনশাআল্লাহ যদি আপনারা আমরা সাথে থাকি, আমরা একদিন ফুটবই।”

আজ রবিবার (৯ নভেম্বর) রাতে এনসিপি’র পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা

নাহিদ ইসলাম সাধারণ মানুষকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন:

“আপনি হয়ত কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবেন। রাজনীতি আপনার কাছে হয়ত একটা ভয়ের বিষয়। আপনি ভাবেন রাজনীতি হয়ত টাকাওয়ালাদের বিষয়।…কিন্তু এই রাজনীতি কিন্তু ঠিক করে আপনার জীবন। কীভাবে পরিচালিত হবে? সরকার কীভাবে পরিচালিত হবে? একটা রাষ্ট্র কোন দিকে আগাবে। ফলে রাজনীতিকে যে ঘৃণা করা, রাজনীতি থেকে দূরে থাকা, এই জায়গা থেকে আমরা এবার সরে আসতে চাই।”

এনসিপি আহ্বায়ক বলেন, গণ-অভ্যুত্থানে রাজনীতিবিদরা এসে কিন্তু লড়াইটা করেনি। রাজনীতিবিদদের সাথেও সাধারণ মানুষেরা এসেছে। ফলে আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে, সেই ধরনের পরিকল্পনা থাকে, আপনি এবার আসুন, রাজনীতিকে জয় করুন, রাজনীতিকে নিজের করে নিন।

“রাজনীতিকে আমরা আর চাই না যে রাজনীতি কেবল সেই টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ীদের কাছে থাকবে, চাঁদাবাজদের হাতে থাকবে, রাজনীতি হবে সাধারণ মানুষের, সাধারণ জনগণের।”

সংসদ সংস্কার ও নির্বাচনের গুরুত্ব

নাহিদ ইসলাম বলেন, জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধিরা সংসদ ভবনে আসে। তিনি ৫ই আগস্টের ঘটনা স্মরণ করে বলেন, সেই সংসদ ভবনকে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া এবং সংবিধানকে কুক্ষিগত করার ফলে জনগণের প্রতিনিধিরা সেখানে ছিল না। এই সবকিছু থেকে মুক্ত করতেই কিন্তু তাঁরা ৫ই আগস্ট সংসদ ভবনে এসেছিলেন।

তিনি আসন্ন নির্বাচনকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন:

“সামনেই নির্বাচন হবে। আমরা ৫ই আগস্টের পরে পুরা সময়টা ধরে নানান কমিশন ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সব কিছুই নির্ভর করবে এই সংসদের উপরে। এই সংসদ একটি সংস্কার পরিষদ সভা হবে। যেখানে আমরা যে পরিবর্তনের কথাগুলো বলেছি সেই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে। ফলে এবারের সংসদ বাংলাদেশের ইতিহাসের যেকোনো সংসদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *