হোসেনপুরে ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ: চরম আতঙ্কে হাজারো মানুষ

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া হয়ে পুলেরঘাট অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কের ঠাডারকান্দা বাজার সংলগ্ন কালভার্টটি মাঝখান থেকে ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এই কালভার্টটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও আতঙ্ক নিয়ে চলাচল করছেন এই অঞ্চলের হাজারো মানুষ।

ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করে। এছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা কালভার্ট পার হতে হচ্ছে। সামান্য অসাবধানতাতেই এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বর্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটির মাঝখানের অংশ ধসে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয়রা সাময়িকভাবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলেও স্থায়ী সমাধানের অভাবে দিন দিন জনদুর্ভোগ ও আতঙ্ক বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। ভারী বৃষ্টিপাত ও পানির স্রোতে কালভার্টের অবস্থা আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়ায়, দ্রুত ভাঙা কালভার্টটি সংস্কার অথবা নতুন করে একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রতিনিধি ও কর্মকর্তার বক্তব্য

এ বিষয়ে শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বলেন, “সংশ্লিষ্টদের বারবার বিষয়টি অবহিত করেছি, আশা করছি দ্রুত সমাধান হবে।”

অন্যদিকে, মুঠোফোনে যোগাযোগ করা হলে হোসেনপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস জানান, সেখানে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য ইতিমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি আপাতত চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *