শিক্ষার্থীকে শাসনের অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক কাউসার আহমেদের জামিন

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শাসনের অভিযোগে শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারকৃত সহকারী শিক্ষক কাউসার আহমেদ জামিন পেয়েছেন। শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন ও আইনি প্রক্রিয়া

শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলা জজ কোর্টের স্পেশাল কোর্টে সহকারী শিক্ষক কাউসার আহমেদের জামিন আবেদন করা হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এবং সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবুল বাসারের মাধ্যমে জামিন চাওয়া হলে বিজ্ঞ বিচারক তা মঞ্জুর করেন।

জামিন লাভের সময় আদালত চত্বরে খালিয়াজুড়ি উপজেলার বিএনপি নেতা মোঃ জজ মিয়া তালুকদার, মোঃ জুয়েল চৌধুরী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

ঘটনার প্রেক্ষাপট ও মামলা

উল্লেখ্য, গত ১১ মে বিদ্যালয়ে দুই শিক্ষার্থীর দুষ্টামির জেরে শাসনের উদ্দেশ্যে শিক্ষক কাউসার আহমেদ হাতে থাকা পানির বোতল দিয়ে আঘাত করতে গিয়ে ভুলবশত শিক্ষার্থী মুগ্ধর মাথায় লেগে যায়। ঘটনার দিন মুগ্ধ স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেও পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মুগ্ধর বাবা-মা কর্মস্থলে (ঢাকা) থাকায় তার মামা বাদী হয়ে খালিয়াজুড়ি থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৪ মে পুলিশ তাকে আটক করে ১৫ মে আদালতে প্রেরণ করেছিল।

শিক্ষকের প্রতিক্রিয়া

কারাগার থেকে মুক্তি পেয়ে শিক্ষক কাউসার আহমেদ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি এই ঘটনাকে তার জীবনের এক চরম বিপদ হিসেবে উল্লেখ করেন এবং যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “মিথ্যা তথ্য দিয়ে যেন ভবিষ্যতে কোনো শিক্ষককে এভাবে হয়রানি করা না হয়, সে জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *