সুলতান আহমদ, জামালপুর প্রতিনিধি

সারাদেশে নানা তাৎপর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ উদযাপিত হলেও জামালপুরের মাদারগঞ্জে দিবসটি অত্যন্ত ‘দায়সারাভাবে’ পালন করার গুরুতর অভিযোগ উঠেছে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের সংক্ষিপ্ত র্যালি, নামমাত্র আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক অকার্যকর মহড়ায় পুরো অনুষ্ঠান শেষ করায় আয়োজনের মূল উদ্দেশ্য ও গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণে চরম অনীহা ও সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা
স্থানীয় সূত্রে জানা যায়, দিবসটি পালনে বৃহত্তর জনগোষ্ঠী কিংবা সুশীল সমাজকে সম্পৃক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, ফায়ার সার্ভিসের কতিপয় কর্মী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের মাত্র ১২-১৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
গুরুত্বপূর্ণ এ আয়োজনে স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কোনো উপস্থিতি দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, সামান্য আপ্যায়নের মধ্য দিয়ে তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করা হয়।
বরাদ্দ ও দায়বদ্ধতা নিয়ে ধোঁয়াশা
দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির মতো স্পর্শকাতর বিষয়ে এমন লোকদেখানো আয়োজনে বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
আয়োজনের বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজ উদ্দিন জানান, “আমি বর্তমানে প্রশিক্ষণে আছি। জামালপুর সদরের পিআইও মাদারগঞ্জে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। আজকের কর্মসূচির জন্য ৫ হাজার টাকা বরাদ্দ ছিল।”
অন্যদিকে অনুষ্ঠানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “আমি ওই প্রোগ্রামে কেবল অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। অনুষ্ঠানের মূল আয়োজক পিআইও অফিস।”