মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ভালুকা মডেল থানা পরিদর্শন করেছেন। রবিবার (১৮ অক্টোবর) তিনি এই বার্ষিক বা সার্বিক পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। পরিদর্শনকালে পুলিশ সুপারকে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে।

সার্বিক কার্যক্রম ও নথি পর্যালোচনা
পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ
এ সময় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল এবং ভালুকা মডেল থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।