ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা; শিক্ষার্থীদের মাঝে চারা ও পুরস্কার বিতরণ

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

পরিবেশ রক্ষায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহের মহাপরিচালক (যুগ্মসচিব) ফরিদ আহমদ। এছাড়া বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবি ইয়াজদানী কোরাইশি কাজল, আব্দুল কাদের মুন্নু, মো. শাকিল এবং মো. মামুন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবসের মূল বিষয়বস্তুর ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রেখে অতিথিদের বরণ করে নেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা।

পুরস্কার ও চারা বিতরণ

আলোচনা সভার শেষ পর্বে পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *