ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক জীবন্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে নগরীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

​জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় এ মহড়া পরিচালিত হয়।

​বিশেষ অতিথিবৃন্দ ও আলোচনা সভা

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোহাম্মদ মাসুম প্রধান।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বৃহত্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, ময়মনসিংহ পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নি:) মোহাম্মদ দুলাল আকন্দ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী মোহাম্মদ আলমগীর কবির।

​ফায়ার ফাইটার শাজাহান মিয়া-র উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

​সচেতনতামূলক মহড়া প্রদর্শন

​আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ সদস্যরা অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো আকস্মিক দুর্যোগে প্রাথমিক করণীয়, আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা এবং দ্রুত আগুন নির্বাপণের ওপর এক বাস্তবভিত্তিক ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা হাততালি দিয়ে মহড়াটিকে স্বাগত জানান।

​প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ মাসুম প্রধান বলেন, “যেকোনো বড় ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে বহু মূল্যবান জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব।”