বিসিবিতে নতুন ‘সংকট’: দ্বিতীয় সহসভাপতি কে হবেন?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা।

বিসিবি নির্বাচনে ভোট দিচ্ছেন আমিনুল ইসলামশামসুল হক

​প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্বাচন, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। বর্তমান সভাপতি আমিনুল ইসলামসহ অনেকেই এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। বিএনপিপন্থীরা সরে যাওয়ায় নির্বাচনে বাহ্যত কোনো উত্তাপ নেই।

​জেলা-বিভাগ থেকে ১০ জন পরিচালকের মধ্যে ৮ জনই বলতে গেলে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। ক্লাব ক্যাটাগরি থেকেও কারা আসবেন, সেটিও ভোট গ্রহণের আগেই মোটামুটি ঠিকঠাক। শুধু ক্যাটাগরি–৩–এর নির্বাচনে মুখোমুখি আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে মাসুদের প্রতি সরকার পক্ষের বিশেষ ‘স্নেহ’ থাকায় তাঁর জয় ঠেকানো দেবব্রতর জন্য কঠিন হতে পারে।

সভাপতি নিশ্চিত, সংকট সহসভাপতি পদ নিয়ে

​পরিচালনা পরিষদের নির্বাচন আজ সন্ধ্যায় শেষ হবে। এরপর বোর্ড সভায় বর্তমান সভাপতি আমিনুল ইসলামই যে পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন, তা নিয়ে কোনো সংশয় নেই। বিসিবির এবারের একপেশে ভোটে এ মুহূর্তে সব অনিশ্চয়তা ও সংকট শুধু সহসভাপতির একটি পদ নিয়ে।

​বোর্ডে সহসভাপতি হবেন দুজন। সভাপতি আমিনুলের মতো যার একজন এরই মধ্যে প্রায় নিশ্চিত। তিনি হলেন ঢাকা জেলার কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নাজমূল আবেদীন, যিনি বর্তমান বোর্ডেও সহসভাপতি হিসেবে আছেন। কিন্তু নতুন বোর্ডে তাঁর সঙ্গে আরেকজন সহসভাপতি কে হবেন?

​বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই প্রশ্নেই এ মুহূর্তে গভীর সংকটে পড়েছেন ‘নীতিনির্ধারকেরা’। যদিও সহসভাপতি নির্বাচন হয় পরিচালকদের ভোটে, কিন্তু এবারের পুরো নির্বাচনটাই হচ্ছে নীতিনির্ধারকদের ছকে।

​নীতিনির্ধারকেরা দ্বিতীয় সহসভাপতি পদে এমন কাউকে খুঁজছেন, যিনি খেলার লোক তো বটেই, সঙ্গে বিতর্কমুক্তও হবেন। তবে যাঁর নামেই তাঁরা হাত দিচ্ছেন, সেখানেই নাকি কোনো না কোনো সমস্যা পাওয়া যাচ্ছে, যা এই সংকটকে আরও গভীর করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *