পাকা সড়ক নাকি কাদার খাল? সেনবাগে চলাচলে চরম দুর্ভোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে তেমুহনী বাজার সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দেখে প্রথম নজরে যে কেউ এটিকে কাঁচা গ্রামীণ রাস্তা ভেবে ভুল করতে পারেন, কিন্তু বাস্তবে এটি একটি পাকা সড়ক। বর্তমানে কাদা ও পানিতে একপ্রকার চলাচল অযোগ্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই জনপথটি।

সরেজমিনে ভয়াবহ চিত্র

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পুরো সড়কজুড়ে কাদার পুরু স্তর জমে থাকায় সামান্য বৃষ্টিপাতেই এটি পিচ্ছিল হয়ে পড়ে। পথচারীদের চলাচলে যেমন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য এই সড়কটি এখন যন্ত্রণার নাম হয়ে দাঁড়িয়েছে।

দুর্ভোগের নেপথ্যে ইটভাটার মাটি

স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তী ইটভাটায় ব্যবহারের জন্য বেপরোয়াভাবে ড্রাম ট্রাক ও ট্রলিতে করে মাটি পরিবহনের কারণে সড়কের ওপর কাদামাটির আস্তরণ জমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের পাকা পিচ ও ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর সেই মাটি কাদায় রূপান্তরিত হয়ে সড়কটিকে একপ্রকার ‘কাদার খালে’ পরিণত করেছে।

এলাকাবাসীর দাবি

প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী একাধিক পথচারী জানান, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধভাবে মাটি পরিবহন বন্ধ করা এবং সড়কটি পরিষ্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি—দ্রুত সংস্কার কাজ শুরু করে এবং তদারকি বাড়িয়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *