নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ফুলবাড়ী ফুটবল দলকে অবহেলার অভিযোগ, জনমনে তীব্র ক্ষোভ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দলকে অবহেলা ও সময়সূচি না জানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খেলোয়াড়, কোচ, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ঘটনার নেপথ্যে

অভিযোগে জানা যায়, গত ৩ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক ফুটবল প্রতিযোগিতায় ফুলবাড়ী উপজেলা দল রাজারহাট উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচের সময়সূচি উপজেলা প্রশাসনকে জানানোর কথা থাকলেও তা জানানো হয়নি। গত ৭ মে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হলেও ফুলবাড়ী দলকে কোনো তথ্য দেওয়া হয়নি, অথচ প্রতিপক্ষ উলিপুর উপজেলা দলকে ঠিকই সময়মতো অবহিত করা হয়েছিল।

কর্তৃপক্ষের বক্তব্য

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস-এর সদস্য সচিব মোছাঃ তাহমিনা শিরীন জানান, “প্রথম দিনের খেলায় আমি মাঠে উপস্থিত ছিলাম। দ্বিতীয় রাউন্ডের সময় পরে জানানো হবে বলা হলেও জেলা থেকে কোনো কার্যকর তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে জানতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে, কিন্তু তিনিও কোনো সময়সূচি পাননি।”

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস-এর সভাপতি দিলারা আকতার বলেন, “খেলোয়াড় ও অভিভাবকরা বারবার আমার কাছে জানতে চেয়েছেন। আমি জেলা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছি, তারা সময় জানানোর কথা দিলেও জানায়নি। এ ধরণের ঘটনায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাবে এবং তারা মানসিকভাবে হতাশ হবে।”

ক্রীড়ামোদী মহলের প্রশ্ন

প্রথম রাউন্ডে জয়লাভের পর কেন ফুলবাড়ী দলকে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হলো? কেনই বা চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হয়ে যাওয়ার পরও এই লুকোচুরি করা হলো? এ নিয়ে এলাকায় বইছে সমালোচনার ঝড়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এটি কেবল একটি অবহেলা নয়, বরং উদীয়মান খেলোয়াড়দের প্রতিভাকে গলা টিপে ধরার শামিল।

ভুক্তভোগী খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জেলা ক্রীড়া সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *