খালিয়াজুরীতে ২৮ বছর পর হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেপ্তার
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হানিফ তালুকদারকে (হানিফ) (৬৭) দীর্ঘ ২৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৭ জুন) বিকেলে নেত্রকোণা জেলা জজ আদালতের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও মামলা
জানা যায়, গ্রেপ্তারকৃত আবু হানিফ তালুকদার উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের স্থায়ী বাসিন্দা। ১৯৯৭ সালে তিনি ওই ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা চেয়ারম্যান ছিলেন। তৎকালীন সময়ে এলাকায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে ১৯৯৭ সালের ১১ মে বল্লী গ্রামে তৎকালীন সাবেক মেম্বার মো. আফতাব তালুকদারের পক্ষের সাথে চেয়ারম্যান হানিফ তালুকদারের পক্ষের ঝগড়া এবং একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একই গ্রামের মো. খুর্শেদ আলী তালুকদারের ছেলে সাখাওয়াত তালুকদার (৩৫) বন্দুকের গুলিতে নিহত হন।
এই ঘটনার জের ধরে নিহত সাখাওয়াতের চাচাতো ভাই মো. আফতাব তালুকদার বাদী হয়ে সাবেক চেয়ারম্যান হানিফ তালুকদারকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১(৫)৯৭, তারিখ: ১৪/৫/৯৭)।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার
উক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এই আসামিকে দীর্ঘ দিন ধরে পুলিশ খুঁজছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুন খালিয়াজুড়ি থানার এসআই সুদেপ চন্দ্র সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে নেত্রকোণা জেলা জজ আদালতের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বাদী ও পুলিশের বক্তব্য
মামলার বাদী মো. আফতাব তালুকদার (সাবেক মেম্বার) সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ তালুকদার গ্রেপ্তার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তাঁকে কড়া হেফাজতে রেখে যেন দ্রুততম সময়ের মধ্যে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করা হয়।”
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আবু হানিফ তালুকদার একটি পুরোনো হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে আইন ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাঁকে নেত্রকোণা জেলা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।”
